পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রসঙ্গে র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, যেই অপরাধ করবে তাকেই আইনের আওতায় আনা হবে। এখানে দলীয় পরিচয় কোনো বিবেচ্য বিষয় নয়। অপরাধী যেই হোক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
আজ (১২ জুলাই) শনিবার রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে র্যাব ২ জন এবং পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এই হত্যাকাণ্ডের ছায়া তদন্তে র্যাব কাজ করছে এবং ডিএমপিকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। খুব শিগগিরই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে সামনে লাল চাঁদ সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। ব্যবসায়িক বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহতের বোন বৃহস্পতিবার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।








