দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউজ ‘বিশ্ব রঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা মাঝেমধ্যে গানও করেন। দেশের কয়েকজন প্রতিষ্ঠিত সংগীত শিল্পীর সঙ্গে তার গাওয়া গানগুলো প্রশংসিতও হয়েছে।
সেই ধারাবাহিকতায় নতুন করে আরও একটি গান গাইলেন বিপ্লব সাহা। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সুস্মিতা সাহা।
বিপ্লব সাহা জানান, এটি মৌলিক কোনো গান নয়। হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মুঙ্গেশকরের বিখ্যাত একটি গান নতুন করে আনছেন।
বিপ্লব সাহা বলেন, অনেকদিন পর নতুন করে গানে কণ্ঠ দিলাম। এই গানটি আমার নিজের ভীষণ পছন্দের, আমার মতো কোটি মানুষ এই গানটি পছন্দ করেন। সেই ভালো লাগা ও আবেগ থেকে গানটি কভার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোন গান তা এখনই বলছি না। সবে গানের রেকর্ড হলো। সব কাজ শেষ করে ভিডিও তৈরির পর জানাবো। আপাতত চমক হিসেবে থাকলো।
সুস্মিতা সাহা বলেন, ‘বিপ্লব সাহা দাদার কাজগুলো দেখেছি। খুব ভালো কাজ করেন দাদা। তার সঙ্গে এই প্রথম আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তাই আমার খুব ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা কয়েক দিনের মধ্যে গানটি শুনতে পারবেন।
গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন জিয়াউল হাসান পলাশ। স্টুডিও তানপুরাতে এইগানের রেকর্ড সম্পন্ন হয়েছে।
বিপ্লব সাহা জানান, তার গানটি খুব শিগগির ভিডিও আকারে প্রকাশ হবে জনপ্রিয় কোনো প্লাটফর্ম থেকে।








