পাঁচ যুগের বেশি সময় পর কোপা আমেরিকায় নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে উরুগুয়ে। কোয়ার্টারে নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালের টিকিট কেটেছে। লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে সেমিতে প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন কলম্বিয়া।
যুক্তরাষ্ট্রে চলতি ৪৮তম কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। উত্তর ক্যারোলিনার ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই।
চলতি আসরে ‘ডি’ গ্রুপের প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও কোস্টারিকাকে হারিয়ে এবং ব্রাজিলের সঙ্গে ড্র করে শেষ আটে জায়গা করে কলম্বিয়া। কোয়ার্টারে পানামাকে হারিয়ে সেমিতে পা রেখেছে নেস্তর লরেঞ্জোর দল। অন্যদিকে সেমিতে আসার পথে পানামা, বলিভিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে হারিয়ে অপরাজিত দল হিসেবে সেমিতে উঠেছে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।
১৯৪৫ সাল থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ৪৫বার মুখোমুখি হয়েছে উরুগুয়ে-কলম্বিয়া। জয়ের হিসেবে এগিয়ে প্রতিযোগিতায় আর্জেন্টিনার সমান সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, কলম্বিয়ার ১৪ জয়ের বিপক্ষে উরুগুয়ের জয় ২০টিতে। বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র।
২০০৪ সাল থেকে দুদলের ১৫বারের দেখায়ও এগিয়ে উরুগুয়ে। তাদের ৭ জয়ের বিপরীতে ৩ জয় কলম্বিয়ার। বাকি ৫টি ড্র হয়েছে। উরুগুয়ের মাঠে ৭ ম্যাচের মধ্যে ৪ জয় ও ৩ ড্রয়ে অপরাজিত রয়েছে তারা। অন্যদিকে, অ্যাওয়েতে ৮ ম্যাচের মধ্যে ৩টি করে জয়-পরাজয়ের সঙ্গে ড্র হয়েছে ২ ম্যাচে। ২০২১ সালের কোপা আমেরিকার পর ৩ ম্যাচে কোনটিতে জয়ের দেখা পায়নি কেউ। ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।
কোপা আমেরিকার ইতিহাসে ২০০১ সালে প্রথমবার শিরোপা জেতে কলম্বিয়া। এর আগে ১৯৭৫ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে পেরুর বিপক্ষে হেরে রানার্সআপ হয়ে বিদায় নিতে হয়েছিল তাদের। অন্যদিকে আর্জেন্টিনার সমান রেকর্ড ১৫বার শিরোপা জিতেছে উরুগুয়ে। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ৯টি শিরোপা জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।








