কোপা আমেরিকায় এবারই প্রথম অংশ নিয়েছে ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথমবার এসে চমক দেখিয়েছে, উঠে গেছে সেমিফাইনালের মঞ্চে। সেমিতে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের বিপক্ষে গ্রুপপর্বে হারলেও সেমিতে কোনো ছাড় দিতে রাজি নয় জেসি মার্শের দল।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই।
টুর্নামেন্টে অভিষেক ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ২-০ ব্যবধানে হেরেছিল কানাডা। ম্যাচে বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। সেমিতে সেটা হতে দিতে চান না কানাডা কোচ। রক্ষণ ভালোভাবে সামলানোর পাশাপাশি আক্রমণাত্মক খেলার প্রত্যয় ৫০ বর্ষী মার্শের।
মেসি-ডি মারিয়াদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জেসি মার্শ বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমরা শুধু রক্ষণই সামলাবো না। আমরা তাদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবো। তারপর দেখবো আমরা সেটা পারি কিনা।’
‘প্রথম ম্যাচে আমরা মেসিকে অনেক স্বাধীনতা দিয়েছিলাম, এই ম্যাচে তাকে আমরা আরও ভালোভাবে সামলাব। এই ম্যাচের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাকে আরও ভালোভাবে আটকানো আমাদের অন্যতম দায়িত্ব। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি আমাদের খেলা সেরা ম্যাচ হবে। আমরা যদি শক্তিতে পেরে নাও উঠতে পারি তবুও চেষ্টা করবো।’








