কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে রাজকীয় বিদায় নিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। কলম্বিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে অশ্রুসিক্ত নয়নে হাত নেড়ে দর্শকদের থেকে বিদায় নেন ৩৬ বর্ষী তারকা। আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন জানিয়েছিলেন আসর শুরুর আগেই।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে দ্বৈরথ শুরুর আগে কন্যা পিয়া এবং মিয়াকে জড়িয়ে ধরেছিলেন ডি মারিয়া। এ সময় একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। যার মধ্যে স্মরণীয় ফাইনালের তিন গোল। শেষবেলায় আবেগাক্রান্ত হয়ে বলেছেন, নিয়তি এভাবেই তার সমাপ্তিটা প্রাপ্তির খাতায় লিখে রেখেছিল।
‘এমনটাই লেখা হয়েছিল এবং সেভাবেই সব হচ্ছিল। আমি স্বপ্ন দেখেছিলাম যে আমরা ফাইনালে পৌঁছেছি এবং আমরা জিতেছি। আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি এভাবে অবসর নিয়েছি। আমি গতরাতে ছেলেদের বলেছি।’
আর্জেন্টিনার রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয় উদযাপন নিয়ে ডি মারিয়া বললেন, ‘এটা সহজ মনে হয়, তবে এটি খুব কঠিন। আমি এই প্রজন্মের কাছে চিরকৃতজ্ঞ, যারা আমাকে সবকিছু দিয়েছে এবং যা চেয়েছি তা অর্জন করতে পেরেছি। যদি পূর্ববর্তী প্রজন্মের সাথে কিছু জিততাম, সেটা প্রাপ্য ছিল।’
ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর শিরোপা জিতলেন। ২০২২ বিশ্বকাপ, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিস্মিমা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে।







