দীর্ঘ ২৩ বছর পর ঐতিহ্যবাহী মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে কাঁদিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে প্রতিযোগিতার ১৫বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে দাঁড়িয়েছে দলটি। প্রথম সেমিতে কানাডাকে হারিয়ে ফাইনালে পা রেখে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
উত্তর ক্যারোলিনার ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোরে আসরের দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে গেছে কলম্বিয়া।
ম্যাচে ৬২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের। ১১টি শটের মধ্যে ৩২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, কলম্বিয়া ১১টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৪টি। বল দখলের লড়াইয়ে উরুগুয়ে এগিয়ে থাকলেও শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া।
ম্যাচের প্রথম ১৬ মিনিট পর্যন্ত কলম্বিয়া বেশ কয়েকবার আক্রমণে গেছে। প্রথমার্ধে তাদের ৩টি শটের কোনটিই অবশ্য অনটার্গেটে ছিল না। প্রথমবার জন আরিয়াসের শট চলে যায় পোস্টের অনেক উপর দিয়ে। দ্বিতীয়বার লুইস ডিয়াজের উড়িয়ে মারা বলে ড্যানিয়েল মুনজ হেড দিলেও লক্ষ্যে থাকেনি। কিছুপর আরও একটি লক্ষ্যভ্রষ্ট শট নেয় কলম্বিয়া।
এরপর সুযোগ নষ্টের তালিকায় নাম লেখান ডারউইন নুনেজ। তাতে অল্পের জন্য এগিয়ে যেতে পারেনি উরুগুয়ে। ২২ ও ২৮ মিনিটে আরও দুটি সুযোগ হাতছাড়া করেন নুনেজ।
৩৯ মিনিটে কর্নার কিক পায় কলম্বিয়া। শট নেন জেমস রদ্রিগেজ। তার শটে লাফিয়ে হেড করেন জেফারসন লারমা। দারুণভাবে বল যায় উরুগুয়ের জালে। ১-০তে এগিয়ে যায় কলম্বিয়া।
গোল পেলেও কলম্বিয়ার জন্য প্রথমার্ধটা সুখকর হয়নি। মুনজ প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। ৩১ মিনিটে আরও একবার হলুদ কার্ড দেখে বসেছিলেন তিনি। তাতে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে, কলম্বিয়া হয়ে যায় ১০ জনের দল।
দ্বিতীয়ার্ধে ১০ জনের দলের সাথেও পেরে ওঠেনি উরুগুয়ে। বেশ কয়েকবার আক্রমণে গোলে দেখা পায়নি গোলের। প্রথম গোল পেয়ে যাওয়ার পর নিজেদের জাল আগলে খেলার চেষ্টা করে কলম্বিয়া। শেষপর্যন্ত জয় নিয়ে প্রতিযোগিতায় তৃতীয়বার ফাইনালে উঠে যায় তারা।








