উত্তেজনা ছড়ানো খেলায় কেউ কাউকে দেয়নি বিন্দুমাত্র ছাড়। টাইব্রেকারের প্রথম পাঁচ শটেও বেরোয়নি ফলাফল। সাডেন ডেথে এসে পাওয়া গেল কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালিস্ট। ভেনেজুয়েলাকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ চারের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কানাডা।
নির্ধারিত সময় শেষে স্কোর ছিল ১-১, টাইব্রেকারে গড়ায় ম্যাচ। প্রথম পাঁচ শটের ভেতর দুদল তিনবার করে বল জালে জড়াতে পারে। সাডেন ডেথের প্রথম শট নেন ভেনেজুয়েলার উইলকার অ্যাঞ্জেল। কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপিউ বাঁ-দিকে ঝাপিয়ে বল ঠেকান। পরে ইসমায়েল কোনে ডানপায়ের শটে নিশানাভেদে কানাডাকে সেমির টিকিট পাইয়ে দেন।
এটি অ্যান্ড টি স্টেডিয়ামে শনিবার ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় কানাডা। ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন জ্যাকব শ্যাফেলবার্গ। বিরতির পর ৬৪ মিনিটে ভেনেজুয়েলা সমতায় ফেরে। পাল্টা আক্রমণে জন আরামবুরুর পাসে বল নিয়ে ৩৫ গজেরও বেশি দূর থেকে ডানপায়ে বল জালে জড়ান সালোমন রোন্ডন। নির্ধারিত সময়ে জয়-পরাজয় নির্ধারিত না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। সাডেন ডেথের নাটকীয়তা শেষে বিজয়ী কানাডা।
আগামী ১০ জুলাই প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হবে।








