‘শাপলা না দিলে ধানের শীষ দেয়া যাবে না’ জাতীয় নাগরিক পার্টির এমন দাবির প্রেক্ষিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, শাপলা জাতীয় ফুল এবং জাতীয় প্রতীক। তার সাথে ধানের শীষের তুলনা করা যেন মামার বাড়ির আবদার।
শনিবার (১১ অক্টোবর) গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে দলটির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রতীক নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, এসব দাবি একদিকে সময় নষ্ট করছে, অন্যদিকে ঐক্যের স্পিরিট প্রতিহত করছে।
রিজভী আরও বলেন, ৪৭ বছর ধরের বিএনপি ধানের প্রতীক, শাপলা না দিলে ধানের শীষ দেয়া যাবে না, এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এ ঘটনার চলমান থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে।
তিনি আরও বলেন, মাটিতে যেরকম সুরঙ্গ করা যায়, সেভাবে অনেক সুরঙ্গ তৈরির চেষ্টা করা হচ্ছে, যাতে যিনি পালিয়ে গেছেন, তাকে দেশে ফিরিয়ে আনা যায়। এছাড়াও দেশের অভ্যন্তরেও ষড়যন্ত্র করা হচ্ছে, এ ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে ।
সদস্য সংগ্রহের ব্যাপারে রিজভী বলেন, কোন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানুষের মাঝে ভীতি সঞ্চারকারী এবং কোন অপরাধী বিএনপিতে নতুন সদস্য হতে পারবে না।







