মোনাকোর মাঠে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছিল বার্সেলোনার। হতাশা কাটাতে সময় নেয়নি কাতালানরা। ইউরোপসেরার মঞ্চে একের পর এক দাপুটে জয় আদায় করে নিচ্ছে হ্যান্সি ফ্লিকের দল।
বেলগ্রেডের রাইকো মিতিচ স্টেডিয়ামে বুধবার রাতে ক্রভেনা জাভেজদাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রবার্ট লেভান্ডোভস্কি। একবার করে জালের দেখা পান রাফিনহা, ইনিগো মার্টিনেজ ও ফের্মিন লোপেজ।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে বার্সেলোনা। সব ম্যাচ হেরে ৩৬ দলের মধ্যে ৩৫ নম্বরে আছে ক্রভেনা জাভেজদা।
চ্যাম্পিয়ন্স লিগে রাতের আরেক ম্যাচে টানা দুই হারের পর জয়ে ফিরেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে বেনফিকাকে ১-০তে হারিয়েছে তারা। দ্বিতীয়ার্ধে গোলটি করেছেন জামাল মুসিয়ালা।
চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে বায়ার্ন। তাদের দুইধাপ নিচে অবস্থান বেনফিকার, পয়েন্ট সমান ৬।
আরেক ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনালকে ১-০তে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। এনিয়ে ইতালিতে টানা পাঁচ ম্যাচে গোলহীন ইংলিশ ক্লাবটি। জয়ের নায়ক হাকান কালহানোগলু, পেনাল্টি থেকে গোলটি করেন। ৭ পয়েন্ট নিয়ে টেবিলে ১২তম আর্সেনাল। ১০ পয়েন্ট পেয়ে পাঁচে আছে ইন্টার।
এদিকে প্যারিসে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে গেছে পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে জাইর-এমিরির গোলে পিএসজি প্রথমে এগিয়ে যায়। চার মিনিট বাদে অ্যাটলেটিকো সমতায় ফেরে নাহুয়েল মোলিনার গোলে। নির্ধারিত সময় শেষে যোগ করা তৃতীয় মিনিটে অ্যাঙ্গেল কোর্রেয়া জয়সূচক গোলটি আনেন।








