আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী ও সমাজের দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক ডঃ সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বিবৃতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী ও সমাজের দুর্বল জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশের নির্বাচনকালীন সময়গুলো ও নির্বাচন পরবর্তী সময়গুলোতে অতীতে যে জঘন্যতম ঘটনা প্রবাহ ঘটানো হয়েছে, বিশেষ করে ২০০১ সালের নির্বাচনের আগে ও পরবর্তী সময়গুলোতে দেশের নিরীহ ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী মানুষের বাড়ীঘরে আগুন লাগিয়ে দেওয়া, লুটপাট, হত্যা, আশি বছরের বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চাদের ধর্ষণ করা, দেশত্যাগে বাধ্য করা, সেই সময়গুলো জাতীয় জীবনে সুখকর ছিলনা।
তারা আরও বলেন, আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মহান সংবিধানে সকল নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশে যে কোন নির্বাচন আসলেই সমাজের একটি ষড়যন্ত্রকারী সুবিধাবাদী মহল নানা অজুহাতে দেশের নিরীহ ধর্মীয় সংখ্যালঘু,আদিবাসী ও দুর্বল জনগোষ্ঠীর ওপর অত্যাচার চালিয়ে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতেই এই ধরনের জঘন্য কাজ করতে উৎসাহী হয়ে উঠে।
আমরা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের বিবেকবান নাগরিকদের প্রতি আহ্বান জানাই, দেশের স্থিতিশীলতার স্বার্থে স্বার্থান্বেশী মহলের বিরুদ্ধে সোচ্চার হোন, সজাগ থাকুন। নির্বাচনকে কোন অবস্থায় প্রশ্নবৃদ্ধ করার চেষ্টাকারীদের প্রশ্রয় দেওয়া যাবেনা। সমাজের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।








