কয়েকদিন ধরে দিনে ও রাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে দেশের বেশিরভাগ অঞ্চল। সেই সাথে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জেঁকে বসেছে শীত। এর ম্যধেই সারাদেশে আগামী তিনদিন টানা দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সেই সঙ্গে দিনাজপুর ও পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।
এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সন্ধ্যা থেকে সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
একইসাথে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার অবস্থা প্রায় একই থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।








