নির্বাচনে বিজয় দাবি করে ভাষণে এই বিজয়কে ভারতীয়দের বিজয় হিসেবে বর্ণনা করেছেন বিজেপি শীর্ষ নেতা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়েছেন, খুব শিগগিরই তারা টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করবেন তিনি।
বিবিসি জানিয়েছে, গতকাল (৫ জুন) মঙ্গলবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে দেওয়া একটি ভাষণে নরেন্দ্র মোদি বলেছেন, আজকে আমি ভীষণ, ভীষণ খুশি। আজকের এই বিজয় বিশ্বের সবচেয়ে বড় বিজয় এটি ভারতীয়দের বিজয়।
ভারতের জাতীয় নির্বাচনে বড় ২টি দল বিজেপি এবং কংগ্রেস কোন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কাজেই সরকার গঠন করতে হলে জোট সঙ্গীদের ওপর নির্ভর করতে হবে। এক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গীদের নিয়েই সরকার গঠন করবেন বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতা নরেন্দ্র মোদি।
তার জোট সরকার গঠন করলে জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ১৯৬২ সালের পর কোন সরকার নিজেদের দুই দফা পূর্ণ করার পর তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসলো। আজ তৃতীয়বার জনগণের যে আর্শীবাদ মিললো, আমি সেটার সামনে, বিনয়ের সঙ্গে মস্তক অবনত করছি।
তিনি দাবি করেন, যেখানেই বিধানসভার নির্বাচন হয়েছে, সেখানেই এনডিএ এর বিজয় মিলেছে। সেটা অরুণাচল, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা হোক অথবা সিকিম। এসব রাজ্যে কংগ্রেসের সুপরা সাফ হয়ে গেছে। আমাার কাছে বিস্তারিত নেই, হয়তো তাদের জামানত বাচানো মুশকিল হয়ে গেছে।
এছাড়াও নতুন সরকার গঠনের পর পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভারতে দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে, ভারতকে পুরোপুরি দারিদ্রমুক্ত করতে তার সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।
ভোট দিয়ে তার দল বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ এর পাশে থাকার জন্য ভারতের জনগণকে ধন্যবাদ এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য ভারতের নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানিয়ে বলেন, তারা খুবই দক্ষতার সাথে কাজটি করেছে।








