শাটল ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথম দিনই সময় পেছানো হয়েছে ১৫ মিনিট।
মঙ্গলবার (১৬ মে) বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগে ৮ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ১৫ মিনিট বিলম্বে আসায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ড. নাসিম হাসান।
তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, “শাটলের ইঞ্জিনের কারণে প্রথম শিফটের ১১ টার পরীক্ষা ১১ টা ১৫ তে শুরু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আগে নন্দীর হাট স্টেশনে শাটলের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিলো।”
মঙ্গলবার ‘এ’ ইউনিটের চার শিফটের ভর্তি পরীক্ষার প্রথম দুই শিফটের পরীক্ষা নেয়ার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।








