চীন দ্বিতীয় দিনের মতো তাইওয়ানের চারপাশে মহড়া শুরু করেছে। ক্ষেপণাস্ত্র বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া যুক্তরাষ্ট্রও নজরদারিতে রাখছে বলে জানানো হয়েছে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে চীন তার নিজস্ব অঞ্চল বলে দাবি করে আসছে।
রোববার (৯ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দ্বিতীয় দিনের মতো তাইওয়ানের চারপাশে মহড়া দিচ্ছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একাধিক বিমান বাহিনীর অভিযানের খবর দেওয়া হয়।
শনিবার দ্বীপের চারপাশে তিন দিনের সামরিক মহড়া শুরু করে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার পরদিন এই মহড়া শুরু হয়।
যদিও একটি নিরাপত্তা সূত্র জানায়, শনিবারের বেশিরভাগ কার্যক্রম সূর্যাস্তের মাধ্যমে শেষ হয়ে যায়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চীন রোববার আবার মহড়া শুরু করেছে। দ্বীপের সামরিক বাহিনী এসইউ-৩০ এবং জে-১১ ফাইটারের পাশাপাশি জাহাজসহ একাধিক বিমান দেখেছে।
মন্ত্রণালয় বলছে, ‘চীনা কমিউনিস্টদের রকেট ফোর্সের গতিবিধি দেশটির সামরিক বাহিনী ও যৌথ গোয়েন্দা নজরদারি করছে। এছাড়াও পুনরুদ্ধার ব্যবস্থার মাধ্যমে ঘনিষ্ঠভাবে উপলব্ধি করেছে এবং বিমান প্রতিরক্ষা বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্স চীনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দায়িত্বে রয়েছে।










