দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসির সাথে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গণভবনে দেখা করে তার দেশের (চীন) নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন।
সোমবার ৮ জানুয়ারি ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তার দেশের নেতাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার পাশপাশি একটি সফল নির্বাচন আয়োজনের প্রশংসা করেন।
সৌজন্য সাক্ষাতে ওয়ান বলেন, ‘বাংলাদেশের সঙ্গে চীন তার দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে, পারস্পরিক আস্থা বাড়াতে এবং বাস্তব সহযোগিতাকে আরও গভীর করতে শেখ হাসিনার সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এই প্রতিশ্রুতির মাধ্যমে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত করা যায় বলেও এ সময় জানিয়েছেন ওয়ান। বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন-বাংলাদেশ দু’দেশই উন্নয়ন এবং পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে আছে বলে উল্লেখ করেন ওয়ান।
চীনা রাষ্ট্রদূত বলেন, আধুনিকায়নের পথে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার এবং সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঢাকা-বেইজিং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মডেল স্থাপন করেছে।
স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষাসহ বাইরের হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করার কথাও জানিয়েছে চীন। এছাড়া ঐক্য-স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক-আঞ্চলিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনে বাংলাদেশকে চীন সহায়তা করবে।
ওয়ান বলেন, ‘ভিশন ২০৪১’ ও ‘সোনার বাংলার’ স্বপ্ন দ্রুত বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা জোরদারে চীন প্রস্তুত জানিয়ে ওয়ান বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহজতর ও সম্প্রসারণের জন্য যথাযথ পদক্ষেপ নিতে চীন প্রস্তুত আছে। এছাড়া উচ্চমানের চীন-বাংলাদেশ অঞ্চল ও পথের সহযোগিতার প্রচারসহ স্মার্ট বাংলাদেশের বিকাশে অবদান রাখতে বেইজিং প্রস্তুত।







