জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়াও ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ ২০২৪-এর সভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে একই মঞ্চে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
ইউএনজিএ অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সাইডইভেন্টেও যোগ দেন।
পরে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। আগের দিন অধ্যাপক ইউনূস নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাতের এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম।







