ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আগেই ছিলেন কোল পালমার। এবার ভাগ্য নির্ধারণ হলো সমর্থকদের ভোটে। ইংল্যান্ডের ২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চেলসির ফরোয়ার্ড পালমার।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার ২০২৩-২৪ মৌসুমের সেরা হিসেবে পালমারের নাম ঘোষণা করে। সমর্থকদের রায়ে তার পরেই ছিলেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। গত দুইবারের বিজয়ী আর্সেনালের বুকায়ো সাকা এবার হয়েছেন তৃতীয়।
নভেম্বরে ২০২৩ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলে প্রভাব বিস্তার করেছিলেন পালমার। গত মে মাসে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শুরুর একাদশে নেমেই গোল করেছিলেন ২২ বর্ষী ইংলিশ তারকা।
ইউরো ফাইনালে বদলি নেমেও জালের দেখা পান তিনি। সেই ম্যাচটি অবশ্য ২-১ গোলে হেরেছে তারা। এর আগে সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে সতীর্থ ওলি ওয়াটকিন্সকে দিয়ে জয়সূচক গোল করান তিনি।
২০২৩-২৪ মৌসুমে চেলসির হয়ে ২২ গোল করেন পালমার। ২০২৩ সালে চেলসিতে যোগ দেয়ার পর এপর্যন্ত ৪০ ম্যাচে ২৮ গোল করেন এই তরুণ।








