বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। ফিনিশিংয়ের অভাবে ঘরের মাঠে পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। শেষদিকে পেদ্রি ও ফেররান তরেসের লক্ষ্যভেদে কাদিজকে ২-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। আরেক ম্যাচে রিয়াল বেটিসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট নষ্ট করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে অ্যাটলেটিকো, বার্সেলোনার অবস্থান পঞ্চম। সমান পয়েন্ট নিয়ে তিনে জিরোনা। ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে ভ্যালেন্সিয়া।
রোববার রাতে লা লিগার ম্যাচে ৭৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রেখেছিল বার্সা। ২৩টি শটের ভেতর ১০টি লক্ষ্য বরাবর রাখতে সক্ষম হয়। কাদিজ ১০টি শটের ভেতর মাত্র একটিই লক্ষ্যে রেখেছিল।
গোলের দেখা পেতে ৮২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। জার্মান তারকা ইলকাই গুনডোয়ানের বাড়ানো বল নিয়ে বাঁ-পায়ে বল জালে জড়ান পেদ্রি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কির হেডে পাওয়া বলে নিশানাভেদ করেন ফেররান তরেস।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ জনের ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে চেলসি।
লন্ডন স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটে নায়েফ আগুয়ের্দের গোলে লিড পায় ওয়েস্ট হ্যাম। ম্যাচের ২৮ মিনিটে চেলসিকে সমতায় ফেরান কার্নি চুকউয়েমেকা।
বিরতির পর ৫৩ মিনিটে ডান পায়ের শটে মাইকেল আন্তোনিওর লক্ষ্যভেদে ওয়েস্ট হ্যাম আবারো লিড পায়। ৬৭ মিনিটে নায়েফ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে স্বাগতিকরা ১০ জনের দলে পরিণত হলেও চেলসি সুযোগ কাজে লাগাতে পারেনি। উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্পট কিক থেকে ব্লুজদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লুকাস পাকুয়েতা।








