বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সেরাটনে বসছে উপমহাদেশের অন্যতম আলোচিত ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর ১৮তম আসর। সংগীতের তারকাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন এ আসরের প্রকল্প পরিচালক গুণী অভিনেতা, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার শহীদুল আলম সাচ্চু।
‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’ এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায় সংগীতের সবচেয়ে বড় আসর ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। বুধবার যার ১৮তম আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আয়োজনে মূল পৃষ্টপোষক হিসেবে যুক্ত হয়েছে স্বনামধন্য ব্র্যান্ড সানসিল্ক।
গেল ১০ অক্টোবর চ্যানেল আইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজন নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন আয়োজকরা। তখন জানানো হয়, এবছর আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ সুজেয় শ্যাম।
আয়োজনে ‘আজীবন সম্মাননা’ সহ মোট ২২টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। বিভাগগুলো হলো: আধুনিক গান- শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান- শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান- শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী, ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান- শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান-শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ যন্ত্র শিল্পী (উচ্চাঙ্গ), শ্রেষ্ঠ কন্ঠ শিল্পী (উচ্চাঙ্গ), বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ শিল্পী, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ সুরকার, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ অডিও কোম্পানি।







