চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সখী সব করে রব’। মারুফ রেহমানের মূল গল্পে ধারাবাহিকটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
সপ্তাহের প্রতি শুক্রবার ও রবিবার রাত ৯.৩৫ মিনিটে নাটকটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।
টিভির পর নাটকটি দেখা যাবে চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্মেও। গল্পের ধারণা দিতে গিয়ে পরিচালক জানান, শহুরে বাড়ির হোস্টেলে কয়েকজন মেয়ে থাকে। যারা কেউ স্টুডেন্ট নন, কিন্তু প্রত্যেকের একেকটা গল্প আছে; লাইফস্টাইলও আলাদা আলাদা। তাদের আলাদা আলাদা সুখ-দুঃখ, বন্ধুত্বের মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়। গল্পের প্রয়োজনে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে।
নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, পরিবার ছাড়া থাকলে বেশীরভাগ মেয়ে মোহে পড়ে অধঃপতনে যেতে পারে সেদিক তুলে ধরেছি। বিভিন্ন ক্রাইসিসে পড়ে প্রত্যেকে নিজেদের ভুল বুঝতে পারে সেটাও ইতিবাচকভাবে তুলে ধরেছি। দর্শকদের চাহিদা প্রাধান্য দিয়ে নাটকটি বানিয়েছি। এর গল্প অনেকটা ‘র’ হিসেবে তুলে ধরেছি। চরিত্রগুলোর উন্মাদনা প্রাধান্য দিয়েছি। সর্বোপরি দর্শক যেন নাটকটি দেখে মজা পায় সেইদিক মাথায় রেখে বানিয়েছি।
‘সখী সব করে রব’ ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আবদুল্লাহ রানা, সেলিনা আফ্রি, মিহি, মাহা, শারমিন আঁখি, সোহেল খান, মুকিত জাকারিয়া, আসিফ নূর, মুসাফির বাচ্চু, ইউসুফ রাসেল, ইমু শিকদার, ললনা নূর প্রমুখ।








