এবছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’। হলে মুক্তি পাওয়ার আগেই ছবিটিকে নিয়ে চলছে উন্মাদনা। রবিবার থেকে শুরু হয়েছে ছবির অগ্রিম টিকেট বিক্রি।
অগ্রিম টিকেট বিক্রির ঘোষণা দেয়া হয়েছে বুর্জ খলিফায়। দুবাইয়ের বুর্জ খলিফায় এই প্রথম কোনও ছবির অগ্রিম বুকিং ঘোষণা হল। এই রেকর্ড গড়ার সাক্ষী হয়েছেন কার্তিক নিজেও।
অগ্রিম টিকেট বিক্রি শুরু হওয়ার পরই কেনার হিড়িক পড়ে গেছে। সাচনিল্ক-এর সূত্রে জানা গেছে রবিবার ৪০৫৫টি টিকেট বিক্রি হয়েছে যার মূল্য প্রায় সাড়ে বারো লাখ রুপি।
বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন ডাবল-ডিজিট ওপেনিং হবে ছবিটির। ন্যাশনাল চেইনগুলোতে ৭৫০০০-১০০০০০ টিকেট অগ্রিম বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটি যদি মুক্তির প্রথম দিন ইতিবাচক রিভিউ পায়, তাহলে ছবিটি বক্স অফিস কাঁপাবে।
মহারাষ্ট্রের বাসিন্দা ভারতের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট মুরলিকান্ত পেটকারের জীবনের উপর তৈরি হয়েছে এই ছবি।
কবির খান পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ মূল চরিত্রে অভিনয় করছেন কার্তিক। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন ভুবন আরোরা, যশপাল শর্মা, বিজয় রাজ, অনিরুদ্ধ দাভে, পলক লালওয়ানি প্রমুখ। ছবিটি আগামী ১৪ জুন মুক্তি পাবে।
View this post on Instagram
সূত্র: ডিএনএ







