চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই আছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে আসর শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। লাল-সবুজের দল মাঠে নামার আগে শুভ কামনা জানালেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফী ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।’
৮ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে ফিরেছে ক্রিকেটের বহুল প্রতীক্ষিত আসরটি। মিনি বিশ্বকাপ নামে পরিচিত ওয়ানডে ফরম্যাটের আসরে বাংলাদেশ পেয়েছে আইসিসি ইভেন্টে নিজেদের সবচেয়ে বড় সাফল্য। ২০১৭ আসরে মাশরাফীর নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল টিম টাইগার্স।
সেই আসরের ৬ জন এবারও আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগার স্কোয়াডে। সেটাই এবারের আসরে বাংলাদেশকে দিয়েছে সবচেয়ে অভিজ্ঞ দলের তকমা। ২০১৭ আসরে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। যারা এবারের দলেও আছেন।








