ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের গ্রুপপর্ব। অপেক্ষা এবার সেমিফাইনালের। ভারত ও নিউজিল্যান্ডের পাশাপাশি সেমি নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
‘এ’ গ্রুপের লড়াই শেষে সেমিতে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। দুদলই নিজেদের প্রথম দুম্যাচে হারিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। নিজেদের মুখোমুখি লড়াইয়ে ৪৪ রানে জিতেছে ভারত। তাতে রোহিত শর্মার দল ৬ পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে গেছে। দুই জয় ও এক হারে কিউইদের পয়েন্ট চার। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে খেলবে তারা।
‘এ’ গ্রুপের অন্য দুদল বাংলাদেশ ও পাকিস্তান কোনো ম্যাচই জেতেনি। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হারের পর নিজেদের মুখোমুখি লড়াই ভেস্তে যায় বৃষ্টিতে। তাতে সমান এক পয়েন্ট করে পায় দুদল। রানরেটে এগিয়ে গ্রুপের তিনে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ, স্বাগতিক পাকিস্তান তলানিতে।
‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে সাউথ আফ্রিকা। গ্রুপপর্বে আফগানিস্তান ও ইংল্যান্ডকে হারায় তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পণ্ড হয় বৃষ্টিতে, পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুদল। মোট ৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা প্রোটিয়ারা।
গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে যাওয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট চার। গ্রুপপর্বে একটি ম্যাচে জয় পেয়েছিল তারা, ইংল্যান্ডের বিপক্ষে। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। মোট চার পয়েন্ট নিয়ে শেষ চারের লড়াইয়ে টিকেছে দলটি।
‘বি’ গ্রুপে তিনে থেকে আসর শেষ হয়েছে আফগানিস্তানের। সাউথ আফ্রিকার কাছে হারের পর ইংল্যান্ডকে হারায় তারা। শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফলাফল আসেনি বৃষ্টির কারণে। ৩ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে তারা। ইংল্যান্ড তিন ম্যাচেই ছিল জয়হীন। শূন্য হাতে ফিরতে হয়েছে তাদের।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনালে নামবে ভারত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া। ৫ মার্চ লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড। তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা।
দুটি ম্যাচই গড়াবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। আগামী ৯ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। ভারত ফাইনালে উঠলে খেলা হবে দুবাইতে। আর সেমি থেকে বিদায় নিলে শিরোপা মহারণ গড়াবে লাহোরে। ম্যাচ গড়াবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়।







