চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও একমাত্র ভারতই সব ম্যাচ খেলছে একই শহরে, একই মাঠে। সেটিও আমিরাতে। অন্য বেশির ভাগ দলকে একাধিক শহরে, এমনকি একাধিক দেশেও খেলতে হয়েছে। এ নিয়ে বাড়তি সুবিধা পেলেও সেটি মানতে নারাজ ভারতের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল মহারণ। ম্যাচের আগে ভারতের বাড়তি সুবিধার বিষয়টি নিয়ে কোটাক বলেছেন, ‘আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।’
‘টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রূঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।’
আসর শুরুর আগে নিরাপত্তার কথা বলে পাকিস্তানে খেলতে রাজি হয়নি ভারত। তারা সব ম্যাচ খেলছে দুবাই স্টেডিয়ামে। একই মাঠে সব ম্যাচ হলেও আলাদা আলাদা উইকেটে খেলেছে, দাবি টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের।
‘জানি না কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই। হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গেছে।’








