আগে থেকেই আলোচনায় ছিল ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। সেটি আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির মাধম্যে জানিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হতে পারে।
পাকিস্তানে যেতে না চাওয়ার সিদ্ধান্ত ই-মেইলে আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। পিসিবির মুখপাত্র গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
চিঠির বিষয় ইতিমধ্যে পাকিস্তান সরকারকেও জানিয়েছে পিসিবি। তাদের কাছে করণীয় জানতে চায় বোর্ড। নাম না প্রকাশের শর্তে মুখপাত্র বলেছেন, ‘পিসিবি আইসিসির থেকে ই-মেইল পেয়েছে। বলা আছে টিম ইন্ডিয়া পাকিস্তান আসবে না। পিসিবি উপদেশ ও পরামর্শের জন্য পাকিস্তান সরকারকে বিষয়টি জানিয়েছে।’
প্রায় ৮ বছর পর মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সোমবার প্রকাশিত হতে পারে সূচি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ৮ দলের টুর্নামেন্ট ফেব্রুয়ারির ১৯ তারিখে মাঠে গড়ানোর কথা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৯ মার্চ হওয়ার কথা শিরোপা নির্ধারণী লড়াই।








