চোট কাটিয়ে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র। কঠিন সময়ের ফিরেই জ্বলে উঠলেন ব্রাজিলীয় তারকা। গোল করেছেন এবং সতীর্থকে দিয়ে করিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই হারের পর জয়ের দেখা পেয়েছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও।
ইতালিয়ান ক্লাব আটালান্টার মাঠে মঙ্গলবার রাতে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের তিন গোলের অন্য দুটি এসেছে কাইলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামের থেকে।
গত সপ্তাহে নিজেকে মেলে ধরার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমবাপে। ঘোষণার পর টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি তারকা। শুরুতে তার গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির আগমুহূর্তে সমতা টানেন আটালান্টার চার্ল দে কেটেলার। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে ভিনিসিয়াস ও বেলিংহ্যামের গোলে জয়ের পথে যায় লস ব্লাঙ্কোস দল।
রাতের অন্য দুই ম্যাচে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৫-১ গোলে জিতেছে বায়ার্ন। অস্ট্রিয়ান ক্লাব সল্জবুর্গের বিপক্ষে পিএসজির জয় ৩-০ গোলে।
জিরোনাকে ১-০তে হারিয়েছে লিভারপুল। পেনাল্টি থেকে গোল করেন মোহাম্মেদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমে ছয় ম্যাচের ছয়েই জিতল আর্নে স্লটের অলরেড বাহিনী। ৩৬ দলের আসরে সব ম্যাচ জেতা একমাত্র দল তারাই। সবার আগে নকআউট পর্বও নিশ্চিত করে ফেলেছে লিভারপুল।
অলরেডরা দারুণ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই। অন্যদিকে টেবিলের ২৪ থেকে রিয়াল উঠে রিয়াল এসেছে ১৮-তে। আটালান্টা ৫ থেকে নেমে গেছে ৯এ। ১২ পয়েন্ট নিয়ে ৮এ ও ৭ পয়েন্ট নিয়ে ২৪এ উঠে এসেছে পিএসজি।








