আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের জন্য শর্তসাপেক্ষে বার্সেলোনাকে খেলার অনুমতি দিয়েছে উয়েফা। বার্সার বিরুদ্ধে রেফারি কমিটির প্রাক্তন সহ-সভাপতিকে অর্থ প্রদানের জন্য দুর্নীতির অভিযোগপত্র দায়েরের কারণে স্প্যানিশ জায়ান্টদের আসরে খেলা অনিশ্চয়তার মুখে পড়েছিল।
কাতালান ক্লাবটির বিপক্ষে লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরার প্রতিষ্ঠান ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’কে অনৈতিকভাবে প্রায় ১৪ লাখ ইউরো প্রদানের অভিযোগ ওঠে। এ সংক্রান্ত মামলা এখনো চলছে। ভবিষ্যতে কাতালান ক্লাবটিকে শাস্তি দেয়ার সম্ভাবনা উয়েফা উড়িয়ে দেয়নি।
বিবৃতিতে উয়েফা বলেছে, ‘এফসি বার্সেলোনা অস্থায়ীভাবে ২০২৩-২০২৪ উয়েফার ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ভবিষ্যতে প্রতিযোগিতায় তাদের খেলতে পারা কিংবা না পারার বিষয়ে সিদ্ধান্ত সংরক্ষিত থাকবে।’
‘এফসি বার্সেলোনা এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি ইন্সপেক্টরদের চলমান তদন্তের অগ্রগতি সম্পর্কে সক্রিয়ভাবে অবহিত করতে এবং তাদের নির্দেশে সকল নথি এবং তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে।’
‘মামলার দায়িত্বে থাকা এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি ইন্সপেক্টররা যদি কখনো বার্সেলোনার অংশ নিতে পারা কিংবা না পারার ব্যাপারে কোনো মূল্যায়ন করেন, সেক্ষেত্রে তারা তদন্ত চালিয়ে যেতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উয়েফা আপিল বিভাগে তাদের আরও একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারার বিষয়ে বার্সায় স্বস্তি ফিরে এলেও তা সাময়িক। কারণ স্পেনের আদালতে আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত ক্লাবটির উপর নিষেধাজ্ঞার হুমকি ঝুলে থাকবে।








