নতুন নিয়মের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম রাউন্ডে প্রতিটি দলকে খেলতে হচ্ছে ৮টি করে ম্যাচ। প্রথমপর্বের শেষ সময়ে সমীকরণের মারপ্যাঁচে জমে উঠেছে টুর্নামেন্ট। বিদায় হতে পারে ম্যানচেস্টার সিটি বা পিএসজির মতো দলেরও। আবার রিয়াল মাদ্রিদের মতো হট-ফেবারিট দলের তাকিয়ে থাকতে হচ্ছে অন্য ম্যাচের দিকেও।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে একই সময়ে মাঠে গড়াবে ৩৬ দলের ১৮ ম্যাচ। এই ম্যাচের পর নির্ধারিত হবে কোন আট দল সরাসরি যাবে শেষ ১৬-এর মঞ্চে এবং কোন ৮ দলকে প্লে-অফ খেলে আসতে হবে শেষ ষোলোয়। পয়েন্ট টেবিলের ৯ থেকে ২৪ নম্বরের মধ্যে হবে প্লে-অফ, সেটিও নিশ্চিত হবে মঙ্গলবার রাতেই।
সরাসরি শেষ ষোলো নিশ্চিত হয়েছে কেবল দুদলের। লিভারপুল এবং বার্সেলোনার। রাতের ম্যাচে কিছুটা নির্ভার হয়ে নামতে পারবে তারা। সবচেয়ে জটিল সমীকরণ সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সামনে। ম্যানসিটির জন্য বাঁচামরার লড়াই। ৭ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে সিটি। সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলতে ব্রুগের বিপক্ষে জয় ছাড়া অন্য উপায় নেই পেপ গার্দিওলার দলের। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে বেলজিয়াম ক্লাব ব্রুগের।
পিএসজিও কিছুটা চেয়ে থাকবে এই ম্যাচের দিকে। পিএসজি ২২ নম্বরে ও স্টুটগার্ট আছে ২৪ নম্বরে। যারা জিতবে, তারা উঠে যাবে প্লে-অফে। তবে ম্যানসিটি ও ডায়নোমা জাগরেব পয়েন্ট হারালে এ ম্যাচ হেরেও পরের রাউন্ডে যেতে পারবে দুদলই। আবার লিভারপুলের বিপক্ষে ড্র করলে পরের পর্বে যাবে ডাচ ক্লাব পিএসভি আইন্দোহভেনও।
আটালান্টা এবং লিসবন নিজেদের ম্যাচে জিতলে নিশ্চিত করবে শেষ ১৬। যদিও ড্র করাই তাদের জন্য যথেষ্ট। বায়ার্ন জয় চাইবে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে। ইন্টার মিলান এবং মোনাকোর সমীকরণও খুব একটা কঠিন নয়। বায়ার্নের মতোই পরিস্থিতি আরও দুই জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন ও বরুশিয়া ডর্টমুন্ডের। এসি মিলান প্লে-অফ নিশ্চিত করলেও টুর্নামেন্টে টিকে থাকতে তাদের প্রতিপক্ষ ডায়নামো জাগরেবকে জয় পেতেই হবে।
হট-ফেভারিট রিয়াল মুখোমুখি হবে ফ্রেঞ্চ ক্লাব ব্রেস্তের। দুই দলেরই প্লে-অফ নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে ব্রেস্ত আছে ১৩ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রিয়াল। যে-ই জিতুক সরাসরি শেষ ষোলোতে যাওয়াটা নির্ভর করবে অন্য ম্যাচের ফলের উপর।







