উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাড়তি রোমাঞ্চ ছড়িয়েছে মাদ্রিদ ডার্বি। ব্রাজিলিয়ানের গোলে রিয়াল মাদ্রিদের লিডের পর আর্জেন্টাইনের গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগ জিতে এগিয়ে থাকল লস ব্লাঙ্কোসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক পা এগিয়ে থাকল টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন দলটি।
বল দখলে রিয়াল-অ্যাটলেটিকো সমানতালে লড়লেও শেষদিকে রিয়াল একপেশে নিয়ন্ত্রণ নেয়। রিয়ালের ভাগে বল থাকে ৫৩ শতাংশ। পুরো ম্যাচে রিয়াল ১৩ শটের মধ্যে ৭টি লক্ষ্যে এবং অ্যাটলেটিকো ৬টি শট নিয়ে কেবল ২টি লক্ষ্যে রাখতে পারে।
ম্যাচের চার মিনিটের মধ্যে ব্রাজিলীয় তারকা রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ-পায়ের শট দূরের পোস্ট লক্ষ্য করেন তিনি। যা আটকানোর কোনো সুযোগই ছিল না অ্যাটলেটিকো গোলরক্ষকের। ৩২ মিনিটে খানিকটা একই রকম গোলে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। ৫৫ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাহিম দিয়াজ।
রাতের আরেক ম্যাচে পিএসভি আইন্দোহভেনের সঙ্গে গোল উৎসব করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে ৭-১ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল।
আরেক ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলা ৩-১ গোলে ক্লাব ব্রুগের মাঠে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো। সিগনাল ইদুনা পার্কে লিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড।






