ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশ ব্যাংকই দেশের সব ব্যাংক ও আর্থিক খাতকে সংকটের মুখে ঠেলে দিয়েছে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে সেবাখাতে দুর্নীতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, দেশের ব্যাংক ও আর্থিক খাত বাংলাদেশ ব্যাংকের কারণেই গভীর সমস্যায় পড়েছে। এমনকি গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় ব্যাংকের যোগসাজশে ব্যাংক দখলের ঘটনাও ঘটেছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পাসপোর্ট অফিস দুর্নীতি রোধে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রভাব দেখা যায় না বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, দুদক এখন দেশের সবচেয়ে অকার্যকর এবং ব্যর্থ প্রতিষ্ঠানের একটি। সরকারি অফিস, বিশেষ করে পাসপোর্ট অফিসে, সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি পরিচালিত হয়, যেখানে উচ্চপর্যায়ের কর্মকর্তারাও লাভবান হন।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, যেসব প্রতিষ্ঠান দুর্নীতি রোধ করার দায়িত্বে রয়েছে, তারাই দুর্নীতিতে নিমজ্জিত। এর ফলে দেশে দুর্নীতি কমানো সম্ভব হচ্ছে না। গ্রামের মানুষ দুর্নীতির সবচেয়ে বড় ভুক্তভোগী।
তিনি উল্লেখ করেন, পাসপোর্ট খাতে দুর্নীতি সবচেয়ে বেশি হচ্ছে। ২০২৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পাঁচটি সেবাখাতের মধ্যে পাসপোর্ট খাত শীর্ষে ছিল। এছাড়াও, পুলিশ বিভাগ উচ্চপর্যায়ের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত।







