দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটে পেশি শক্তি এবং কালো টাকা বন্ধে জনগণকে এক হয়ে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিইসি আজ ১৫ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই কথা বলেন। ভাষণে ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, জালভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশি শক্তির ব্যবহার নির্বাচনকে প্রভাবিত করতে পারে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যেকোন মূল্যে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে।
তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য অনুকূল পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু নির্বাচন প্রশ্নে দেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্বে মতভেদ পরিলক্ষিত হচ্ছে। বহুদলীয় রাজনীতিতে এটা থাকতেই পারে। কিন্তু এর থেকে সংঘাত ও সহিংসতা দেখা দিলে তা নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে পারে। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ করবো, সবাইকে সংঘাত পরিহার করে সমাধান অন্বেষণ করতে।
এর আগে, সিইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল দায়ের ও নিষ্পত্তির শেষ তারিখ ৬ থেকে ১৫ ডিসেম্বর, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।







