খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মামলা করেছে শিশুটির বাবা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য জানিয়েছে খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে থানা পুলিশ সূত্রে জানা যায়, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করেছিল স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশ লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যরা আহত হন। হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত)সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১৯ মার্চ) খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযুক্ত জান মিয়ার অবস্থা সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জান মিয়াকে আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।








