সমগ্র পৃথিবীতে সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান হারে বাড়ছে দূষিত বায়ুর পরিমাণ। তাই বিশুদ্ধ বায়ু এখন খুঁজে পাওয়া দায়। বিশ্ব যখন বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাবের সাথে লড়াই করছে এমন সময় অস্ট্রেলিয়ার একটি উপদ্বীপ সবচেয়ে বিশুদ্ধ বাতাস সরবরাহ করে যাচ্ছে।
বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার তাসমানিয়ার উত্তর-পশ্চিম প্রান্তের কাছে ‘কেপ গ্রিম’ নামে একটি উপদ্বীপের বায়ুর গুণগতমান পরিমাপ করে দেখা যায় সেখানে এই গ্রহের সবচেয়ে পরিষ্কার বাতাস রয়েছে। এর প্রধান কারণ হল মানববসতি থেকে এর দূরত্ব। দ্বিপটি এতটাই গহীনে যে, খুব কম মানুষই সেখানে পৌঁছাতে পারে। দ্বিপটি ‘বিশ্বের প্রান্ত’ নামেও পরিচিত।
কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট ডঃ অ্যান স্ট্যাভার্ট বলেন, কেপ গ্রিম দ্বীপের এয়ার মনিটরিং স্টেশনে প্রবল পশ্চিমী বাতাস বরফময় দক্ষিণ মহাসাগরের ওপর দিয়ে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। স্টেশনটি এই স্থানের বায়ুকে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বায়ু হিসেবে পরিমাপ করেছে।
বিশ্বের অন্যান্য নির্মল বায়ুময় স্থানগুলোর মধ্যে রয়েছে হাওয়াইয়ের মাউনা লোয়া স্টেশন, ম্যাককুয়ারি দ্বীপ, অ্যান্টার্কটিকার কেসি স্টেশন এবং ন্যয়-আলেসুন্ডের স্বালবার্ড শহর।

অবিশ্বাস্য হলেও সত্য, বিশ্বজুড়ে দূষিত স্থানে বসবাসকারীদের স্বাস্থ্যকর এবং বিশুদ্ধ বাতাস সরবরাহ করতে বোতলজাত তাসমানিয়ান বাতাস বিক্রি করছে বিপণনকারীরা। প্রতি ক্যানে প্রায় ১৩০বার নির্মল তাসমানিয়ান বায়ুর শ্বাস নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।







