শেষ সময়ের প্রচারণায় যুক্তরাজ্য পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা

FLE PHOTO: British Prime Minister Rishi Sunak speaks during a Conservative general election campaign event, in London, Britain June 24, 2024. REUTERS/Phil Noble/File Photo
আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন। ৬৫০ আসনের হাউজ অব কমন্স নামে পরিচিত পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬ আসন। তাই শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা। টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির সঙ্গে এবার লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।
সোমবার (১ জুন) বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে কনজারভেটিভ পার্টির নেতা ও দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার সরকারের সাফল্যের কথা যেমন বলেছেন, তেমনি স্বীকার করে নিয়েছেন অনেক ক্ষেত্রে ব্যর্থতার বিষয়ও। কারণ টানা প্রায় ১৫ বছর যুক্তরাজ্য শাসন করছে কনজারভেটিভ পার্টি। নির্বাচনী প্রচার-প্রচারণায় উঠে আসছে সরকারের অভ্যন্তরীণ সাফল্য-ব্যর্থতার পাশাপাশি আন্তর্জাতিক ইস্যু।
অন্যদিকে, লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বলেছেন, কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ফিরে আসুক, যুক্তরাজ্যের মানুষ সেই দুঃস্বপ্ন দেখতে চায় না। রাষ্ট্র পরিচালনায় কনজারভেটিভ পার্টির ব্যর্থতার কারণে লেবার পার্টি সরকার গঠন করলেও দেশকে এগিয়ে নেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন কিয়ার স্টারমার।
বিভিন্ন জনমত জরিপ বলছে, নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেতে যাচ্ছে লেবার পার্টি। অন্যদিকে, প্রায় ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে তিন মেয়াদে প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকা ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি।






