কানাডা সরকার বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। পার্বত্য অঞ্চল ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় এই সতর্কতা জারি করেছে কানাডা সরকার।
দেশটির সরকারি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ভ্রমণের জন্য ‘হলুদ সংকেত’ এবং পার্বত্য অঞ্চল—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ‘লাল সংকেত’ জারি করা হয়েছে। এর মানে হলো, নাগরিকদের বাংলাদেশের মূল অঞ্চলে ভ্রমণ করতে হলে বেশি সতর্ক থাকতে হবে এবং পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ।
কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ, বিক্ষোভ এবং আকস্মিক সংঘর্ষের কারণে। এমন পরিস্থিতিতে আগাম কোনো সংকেত পাওয়া সম্ভব নাও হতে পারে, ফলে কানাডার নাগরিকদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি হয়।
বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, পার্বত্য অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই কারণে ওই এলাকার ভ্রমণ থেকে কানাডার নাগরিকদের বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।







