ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল কিনে রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন মার্কেটে বিক্রি করতো চোরা কারবারিদের সক্রিয় একটি চক্র।
শুক্রবার রাতে রাজধানীর গুলিস্তান থেকে ১৭০টি চোরাই মোবাইল ও ট্যাবসহ মোট ০৫ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করে র্যাব-১০। গ্রেপ্তাররা হলো, মো. খোকন, মো. হারুন, আব্দুর রহমান, নেহাল রহমান সবুজ ও কামাল হোসেন।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল।
তিনি জানান, শুক্রবার রাতে গুলিস্তানের ওসমানী উদ্যান এলাকায় একটি অভিযান পরিচালনা করে চোরাই করা ১৬৩টি মোবাইল ফোন ও সাতটি ট্যাবসহ আনুমানিক ৩ লাখ টাকা মূল্যমানের মোট ১৭০টি বিভিন্ন ব্যান্ডের পুরাতন মোবাইল ফোন ও ট্যাবসহ পাঁচ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান: গ্রেপ্তাররা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল ও ট্যাব কিনে রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করত।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।







