ভারতের মহারাষ্ট্রে নাসিক এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাত নারীসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহতের সংখ্যা আরও বেশি।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার মহারাষ্ট্রের নাসিক জেলায় দ্রুতগামী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে।
অম্বরনাথ এলাকা থেকে যাত্রা শুরু করা ব্যক্তি মালিকানাধীন বিলাসবহুল বাসটি একই রাজ্যের আহমেদনগর জেলার শিরডি মন্দিরের দিকে যাচ্ছিল। একপর্যায়ে মুম্বাই থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে নাসিকের সিন্নার তহসিলের পাথারে শিভারের কাছে স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন নারী, দুইজন ছোট ছেলে ও একজন পুরুষ রয়েছেন। অন্যদিকে আহতদের সিন্নর গ্রামীণ হাসপাতাল ও সিন্নরের যশবন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে মুখ্যমন্ত্রী শিন্ডে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতের আত্মীয়দের প্রত্যেককে পাঁচ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। রাজ্য সরকার আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ বহন করবে বলেও তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।








