বিএনপির ডাকা হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না।
রোববার ২৯ অক্টোবর সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে গাড়ির প্রায় বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
সকাল থেকেই রাজধানীর সড়ক-মহাসড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি কিছুটা চোখে পড়লেও বিপরীত চিত্র দেখা গেছে গণপরিবহণের ক্ষেত্রে। অনেকক্ষণ বিরতি দিয়ে যে একটি গণপরিবহন বাস স্টপেজে থামছে তাতে অফিসমুখী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে ঠাসাঠাসি করে উঠতে দেখা গেছে। গণপরিবহনের এ সংকটে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।







