সদ্যগত বোর্ডার-গভাস্কার ট্রফি সিরিজে শেষ টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়েন দুর্দান্ত ছন্দে থাকা জাসপ্রীত বুমরাহ। শেষ ইনিংসে বল না করেও সিরিজে সংগ্রহ ৩২ উইকেট। সিরিজসেরার পুরস্কারও উঠেছে হাতে। তবে চোটে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যাওয়ার হতাশা সঙ্গী হয়েছে ডানহাতি পেসারের। শঙ্কা আছে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে খেলা নিয়েও।
বুমরাহর মূলত পিঠে চোট। প্রাথমিকে বলা হয়েছিল, ব্যথা কমলেই বোলিং করার জন্য মাঠে নামবেন। কিন্তু শেষঅবধি তাকে আর বল হাতে দেখা যায়নি সিডনি টেস্টের শেষ ইনিংসে।
চোটের ধরন অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষায় যদি গ্রেড-১এ পড়েন, তবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পুনর্বাসনে ফিরতে পারবেন। যদি সেটি গ্রেড-২ হয়, সেরে উঠতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগতে পারে। গ্রেড-৩ হলে অন্তত ৩ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে যাবেন।
আপাতত খবর, গ্রেড-২ ধরনের চোটে পড়েছেন ২৭ বর্ষী বুমরাহ। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের উদ্বোধনী ম্যাচে নাও দেখা যেতে পারে তাকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি।








