নিষেধাজ্ঞা লঙ্ঘন করে নর্থ কোরিয়ার কাছে সিগারেট বিক্রি করার কথা স্বীকার করার পর মার্কিন কর্তৃপক্ষকে ৬৩৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬৮৫৬ কোটি টাকার জরিমানা দিচ্ছে তামাক জায়ান্ট প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো৷
বিবিসি জানিয়েছে, গতকাল মঙ্গলবার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি), আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে) এবং ট্রেজারি ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাসেট কন্ট্রোলের অফিসের মধ্যে এই মীমাংসা অনুষ্ঠিত হয়৷ এসময় তাদের মধ্যে কয়েকটি মীমাংসা চুক্তি সাক্ষরিত হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এই জরিমানা ২০০৭ সাল থেকে ২০১৭ সালের মধ্যে নর্থ কোরিয়ায় বিএটি এর কার্যকলাপ সম্পর্কিত নিষ্পত্তি। বিএটি-এর প্রধান জ্যাক বোলস এই বিষয়ে বলেন, “আমরা অসদাচরণের জন্য আন্তরিকভাবে দুঃখিত।”
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) হল বিশ্বের বৃহত্তম বহুজাতিক তামাক পণ্যের প্রতিষ্ঠান এবং যুক্তরাজ্যের ১০টি বৃহত্তম কোম্পানিগুলির মধ্যে একটি। প্রতিষ্ঠানটি লাকি স্ট্রাইক, ডানহিল এবং পলমল সহ প্রধান সিগারেট ব্র্যান্ডের মালিক।
ডিওজে প্রধান বলেন, “বিএটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নর্থ কোরিয়ার কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করার জন্য সহায়ক কিছু কোম্পানির মাধ্যমে একটি বিস্তৃত পরিকল্পনায় নিযুক্ত ছিল৷ ২০০৭ থেকে ২০১৭ এর মধ্যে এই তৃতীয় পক্ষের কোম্পানিগুলো নর্থ কোরিয়ার কাছে তামাকজাত পণ্য বিক্রি করে প্রায় ৪২৮ মিলিয়ন ডলার লাভ করেছে।”
নর্থের বর্তমান নেতা কিম জং উন একজন ভারী ধূমপায়ী হিসেবে পরিচিত। গত বছর যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়ায় তামাক রপ্তানি নিষিদ্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব রাখে। তবে রাশিয়া এবং চীন এই প্রস্তাবে ভেটো দেয়।








