কলম্বিয়ার সঙ্গে গ্রুপপর্বে হারের শোধ ফাইনাল রাউন্ডে নিলো ব্রাজিল। যদিও জয় পেতে বেশ কষ্ট করতে হয়েছে তাদের। তবে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার সঙ্গে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে সেলেসাও বাহিনী। জয় পেয়েছে আর্জেন্টিনাও।
সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শনিবার কলম্বিয়াকে ১-০তে হারিয়েছে ব্রাজিল। অন্য ম্যাচে উরুগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ফাইনাল রাউন্ডে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই জয়ে ৬ পয়েন্টে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে সমান পয়েন্ট ও সমান গোলপার্থক্যে সম-অবস্থান ব্রাজিলের। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে পরেই আছে কলম্বিয়া।
গ্রুপপর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।







