ব্যাটিংয়ে নেমে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ঝলকানির পর গতির ঝড় তুলেছিলেন রিপন মন্ডল, দলের অলরাউন্ড প্রদর্শনীতে সিলেট টাইটানসের বিপক্ষে জয় তুলেছে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালসকে সরিয়ে ৯ ম্যাচে ৭ জয়ে টেবিলে শীর্ষে উঠেছে শান্তর দল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় সিলেট টাইটানস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে সিলেট। ৫ রানের জয়ে টেবিলে শীর্ষে উঠেছে রাজশাহী।
আগে ব্যাট করা রাজশাহীর সর্বোচ্চ ৪০ রান করেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৩০ বলের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ৩৪ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পেসার আব্দুল গাফফার সাকলাইন ১৬ রানে অপরাজিত থাকেন।
সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার শহিদুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন মঈন আলী, রুয়েল মিয়া ও মেহেদী হাসান মিরাজ।
জবাব দিতে নেমে টেবিলের তিনে থাকা সিলেটের ওপেনিং জুটি সুবিধা করতে পারেনি। তৌফিক খান ৪ রানে ফিরে গেলে ৩০ বলে ঝড়ো ৪১ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। সিলেটের সর্বোচ্চ রানের ইনিংস সেটাই। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেছেন মুমিনুল হক।
ছোট ক্যামিও খেলেছেন ইংলিশ তারকা মঈন আলী। শেষদিকে এসে ১২ বলে ২৭ রানের দুর্দান্ত ইনিংসের পর রিপনের বলে আউট হন তিনি। সেখান থেকে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নেন রিপন। ওই ওভারেই আসে ২ উইকেট, পরের ওভারে ম্যাচও।
রাজশাহীর রিপন মন্ডল নিয়েছেন ৪টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন বিনুরা ফের্নান্দো। একটি করে উইকেট নিয়েছেন মো. রুবেল, আব্দুল গাফফার সাকলাইন ও জেমস নিশাম।








