সিলেটের ঘরের মাঠ, ১৮ হাজার দর্শকের সামনে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমেছিল স্বাগতিকরা। পুঁজিটাও বেশ বড়ই ছিল সিলেট টাইটানসের। তবে লক্ষ্যতাড়ায় নেমে সব তছনছ করে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। বিপিএলের প্রথম দিনেই শান্তর ঝড়ো সেঞ্চুরি, সঙ্গে মুশফিকুর রহিমের ফিফটিতে সিলেটের বিপক্ষে ৮ উইকেটে জিতে আসর শুরু করেছে রাজশাহী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের সংগ্রহ গড়ে সিলেট। লক্ষ্যে নেমে ৮ উইকেট ও ২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রাজশাহী।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ৮ বলে ১০ রান করে দলীয় ১৯ রানে আউট হন তানজিদ হাসান তামিম। শাহিবজাদা ফারহানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ম্যাচের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৯ বলে ২০ রান করে দলীয় ৬২ রানে আউট হন ফারহান। এরপর মুশফিককে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। ধীরে ধীরে হয়ে ওঠেন আগ্রাসী। ৩৬ বলে ৭ চার ও ১ ছক্কায় তুলে নেন ফিফটি। এরপর আরও মারকুটে হয়ে ওঠেন রাজশাহীর অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিক।
৫৮ বলে ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শান্ত। শেষপর্যন্ত ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। বিপিএল ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদিকে বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুশফিক ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন।
সিলেটের হয়ে মিরাজ ও খালেদ নেন একটি করে উইকেট।
এর আগে ঘরের মাঠে শুরুটা ভালোই করে সিলেট। ঝড়ো ব্যাটিংয়ে শুরু করেন পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব। তবে দলীয় ৩৬ রানে ৩ চার ও দুই ছক্কায় ১৫ বলে ২৮ রান করে তিনি আউট হলে কিছুটা চাপে পরে সিলেট।
রনি তালুকদার ৩৪ বলে ৪১ রান করে সাজঘরে ফিরলেও ইমন ঠিকই তুলে নেন অর্ধশতক। ২৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় পৌঁছে যান পঞ্চাশের মাইলফলকে। অপর প্রান্তে উজ্জ্বল ছিলেন আফিফ হোসেন ধ্রুবও। তাদের ব্যাটে ভর করে সিলেট পেয়ে যায় লড়াইয়ের সংগ্রহ।
১৯ বলে ৩৩ রান করে আফিফ বিদায় নেন শেষ ওভারে। ৩৩ বলে ৬৫ রান করে ইমন অপরাজিতই থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে সিলেটের পুঁজি দাঁড়ায় ১৯০।
রাজশাহীর হয়ে সন্দীপ লামিচানে ২টি এবং তানজিম হাসান সাকিব ও বিনুরা ফের্নান্দো নেন একটি করে উইকেট।








