বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের তৃতীয় টেস্টে ভারতের ত্রাতা হয়েই যেন আবির্ভাব হয়েছিল বৃষ্টি আর আলোকস্বল্পতা। গ্যাবায় ম্যাচের পাঁচদিনে চারদিনেই হানা দিয়েছিল বৃষ্টি। আর তাতে বড় জোর বেঁচেছে ভারত। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে নিশ্চিত হারের ম্যাচে ড্র পেয়েছে ভারত।
শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে স্বাগতিকেদের আগে ব্যাটে পাঠায় ভারত। প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলে থামে অস্ট্রেলিয়া। জবাবে নেমে ২৬০ রানে গুটিয়ে যায় ভারত। ১৮৫ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে আরও ৮৯ রান যোগ করে ইনিংস ছাড়ে অস্ট্রেলিয়া।
২৭৫ রানের লক্ষ্য তাড়ায় নামা ভারতের ইনিংসটা দীর্ঘ হয়নি। কেবল ২.১ ওভার ব্যাটের সুযোগ পেয়েছে তারা। তারপরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এ দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচ ড্র ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। সিরিজের ফল এখনও ১-১ সমতায়। মেলবোর্নে চতুর্থ টেস্টে মুখোমুখি হবে দুদল।
ব্রিসবেন টেস্টের প্রথমদিনটাও প্রায় ভেসে গিয়েছিল বৃষ্টিতে, খেলা হয়েছিল কেবল ১৩.২ ওভার। দ্বিতীয়দিন অবশ্য বৃষ্টি বাধা হানেনি। তবে তৃতীয় দিনে গ্যাবায় সারাদিনে বৃষ্টি নেমেছে নয়বার। বৃষ্টি বাধা কাটিয়ে খেলা গড়িয়েছে কেবল ৩৩.১ ওভার। চতুর্থ দিনে বৃষ্টি বাধ কাটিয়ে খেলা হয় ৬৪.৫ ওভার। আর শেষ দিন বল মাঠে গড়ায় কেবল ২৬.১ ওভার।
প্রথম ইনিংসে দুই সেঞ্চুরিতে ৪৪৫ রান করেছিল অস্ট্রেলিয়া। ১৫২ রান করেন ট্রাভিস হেড। স্টিভেন স্মিথ করেন ১০১ রান। এছাড়া অ্যালেক্স ক্যারি ৭০ রানের ইনিংস খেলেন।
ভারতীয় বোলারদের হয়ে প্রথম ইনিংসে জাসপ্রীত বুমরাহ দুর্দান্ত করেন। ২৮ ওভার বল করে ৭৬ রান খরজায় নেন ৬ উইকেট। মোহাম্মদ সিরাজ নেন দুই উইকেট।
ভারতের প্রথম ইনিংস থেমে ২৬০ রানে। লোকেশ রাহুল ৮৪ এবং রবীন্দ্র জাদেজা ৭৭ রান করেন। এছাড়া শেষদিকে আকাশদীপ ৩১ রান করেন। বুমরাহ অপরাজিত থাকেন ১০ রানে।
অজিদের হয়ে প্যাট কামিন্স চারটি এবং মিচেল স্টার্ক তিনটি উইকেট নেন।
১৮৫ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ১৮ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৮৯ রানে ইনিংস ছাড়ার ঘোষণা দেয়। ভারতের জাসপ্রীত বুমরাহ দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেন। মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ নেন দুটি করে উইকেট।








