কক্সবাজারের চকরিয়া থেকে আনুমানিক ৪২ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান চকরিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াছির আরাফাত।
পুলিশ বলছে, হত্যার পর লাশটি বিলের সবজি ক্ষেতে ফেলা হয়। এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তিকে ছুরিকাঘাত ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, বুধবার সকাল ৯টার দিকে সবজি ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির গায়ে কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হকের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন, লোকটিকে হয়তো এক দিন আগে হত্যা করা হয়েছে। তার চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতে বৈদ্যুতিক শকের চিহ্নও রয়েছে।
পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াছির আরাফাত বলেন, নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায় অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।








