কোভিড আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন দেশের কিংবদন্তী অভিনেত্রী ববিতা। তবে এখন তিনি শঙ্কা মুক্ত। করোনা নেগেটিভ আসায় হাসপাতাল ছেড়ে ফিরেছেন নিজ বাসায়।
শনিবার (২৭ জুলাই) সকালে গণমাধ্যমকে ববিতার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর জানিয়েছেন তার ছোট বোন অভিনয়শিল্পী চম্পা। তিনি জানান, আপাতত সুস্থ আছেন ববিতা। তবে শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। এর আগেও একবার ববিতা করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানান চম্পা।
চম্পা জানান, কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা। জ্বর ছিল না, তবে অস্বস্তি লাগছিল। এরপর পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারেন করোনা পজিটিভ। কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। ১৮ জুলাই ববিতাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।








