সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিএনপি’র বর্ধিত সভা। এই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন। তিনি উদ্বোধনী ও সমাপনী পর্বে বক্তব্য রাখবেন।
আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে শুরু হবে। দীর্ঘ সময় পর এই বর্ধিত সভায় সারা দেশ থেকে বিএনপি’র নেতাকর্মীরা অংশ নেবেন। তারা দলের কাছে নিজেদের প্রত্যাশা ও মতামত তুলে ধরবেন, যা দলের ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে ভূমিকা রাখবে।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বর্ধিত সভার সব প্রস্তুতি রাতের মধ্যে শেষ হবে। তিনি বুধবার বিকেলে প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, সভায় অংশগ্রহণকারীদের জন্য খাওয়াদাওয়া, স্যানিটেশন, চিকিৎসা সেবা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। তিনটি অ্যাম্বুলেন্স ও একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা সেবার জন্য।
এবারের বর্ধিত সভায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরের সাড়ে তিন হাজারের বেশি নেতাকর্মী অংশ নেবেন। এদের মধ্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য, জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্য, মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা রয়েছেন। এছাড়াও বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে, যা বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি তৈরি করেছে। এছাড়াও বিএনপি ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। কর্ম অধিবেশনে তৃণমূলের নেতারা বক্তব্য রাখবেন।
বিএনপি’র সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লো মেরিডিয়ানে’। ওই সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর চার দিন পর তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবরণ করেন।








