বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘন্টার অবরোধের ২য় দিনে কুড়িগ্রামে তাৎক্ষনিকভাবে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। বুধবার ১ নভেম্বর বেলা ১২টার দিকে কেন্দ্রীয় মসজিদের সামনের দিক থেকে শুরু হয়ে পুরাতন থানা পাড়ায় গিয়ে মিছিলটি শেষ হয়। তাৎক্ষনিক এই মিছিলটিতে অর্ধশত নেতাকর্মী অংশ নেন।
অন্যদিকে, নাশকতার অভিযোগে বুধবার ভোরে বিএনপি ও জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান এবং উলিপুর উপজেলা জামায়াতের বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উলিপুর জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, রাজিবপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শামীম আহমেদ, রৌমারীর জামায়াতকর্মী শফিকুল ইসলাম, ফরিদুল হক, শাহাদাত হোসেনসহ রাজারহাট বিএনপির ২জন ও লালমনিরহাটের ১জন কর্মী।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু বলেন, আমি শুনেছি আমাদের একজন ভাইস প্রেসিডেন্টসহ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। আমাদের ৭২ ঘন্টার অবরোধকে বানচাল করতে সরকার বাধা সৃষ্টি করছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।








