নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেননি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ সিদ্ধান্তের কথা জানান।
হাতে একটি ফর্ম দেখিয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে পরিষদের সদস্যদের শপথ কে পাঠ করাবেন এবং কীভাবে শপথ হবে, সে বিষয়ে স্পষ্ট বিধান থাকতে হবে। বর্তমানে সংবিধানে এ ধরনের কোনো বিধান নেই।
তিনি আরও বলেন, এই সংক্রান্ত ফর্মটি সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং জাতীয় সংসদে তা অনুমোদনের পরই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ব্যবস্থা করা যেতে পারে। সে কারণেই আপাতত এ পর্যায় পর্যন্ত সাংবিধানিক প্রক্রিয়ায় তারা এগিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি সংবিধান মেনেই রাজনীতি করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
এরপর সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শপথ অনুষ্ঠানে তারেক রহমানের ডান পাশে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন এবং বাম পাশে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সামনের সারিতে বসেন সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন এবং আন্দালিভ রহমান পার্থ।
শপথ গ্রহণের সময় নবনির্বাচিত এমপিরা বাংলাদেশের প্রতি আনুগত্য ও দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। পরে তারা নিজ নিজ আসনের নাম লিখে শপথপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিব কানিজ মওলা।
এর আগে সোমবার সংসদ সচিবালয় জানিয়েছিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পর নবনির্বাচিত সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় জুলাই সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব সংবিধান সংস্কার পরিষদের ওপর ন্যস্ত হয়েছে।
তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি জাতীয় সংসদে পাস হয়ে প্রয়োজনীয় বিধান যুক্ত হলে তখনই তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।








