বিএনপির পক্ষ থেকে বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে ‘আসল রহস্য’ উন্মোচিত করার আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দলটির পক্ষে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ আহ্বান জানান।
মেজর (অব.) হাফিজ বলেন: ১৯৭১ সালে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম, আমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল প্রতিটি আন্দোলনে-সংগ্রামে জনগণের সাথি হয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল। কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড।
২০০৯ সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনাবাহিনীর চৌকস অফিসারসহ মোট ৭৪জন নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন।
হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে আরও বলেন: ওই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় অনেক নিরীহ ব্যক্তি শাস্তি পেয়েছে, আবার অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে। অতি অল্প সময়ের মধ্যে তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দেখতে চান। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও শান্তি পাবে।
পুনরায় তদন্তের জন্য বিএনপি কোন সময়সীমা বেধে দেবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন: আমরা প্রয়োজনীয় সময় দিতে চাই এই তদন্ত কমিটিকে। আমরা আশা করি দ্রুত তারা তদন্তকাজ এবং বিচারের কাজ সম্পন্ন করবে। সময়সীমা বেঁধে দেয়া অত্যন্ত মুশকিল।
এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায়বিচারপ্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে গতকাল সোমবার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।








